আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
বাবর আজমের কারণে নেতৃত্ব হারিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, অধিনায়কত্ব হারিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর চটেছেন শাহিন। এমনকি সম্পর্ক নষ্ট হয়েছে বাবরের সঙ্গেও। তবে পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর বিষয়টিকে ভুয়া দাবি করলেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর বাবর আজমকে পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। সে সময় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন আনলো মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবির নতুন কমিটি। এবার রঙিন পোশাকের অধিনায়ক করা হলো বাবরকে। এতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারান শাহিন আফ্রিদি। যার প্রভাবে নাকি বাবরের সঙ্গে পাক পেসারের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আজ রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের ৫ টি-টোয়েন্টির সিরিজ। লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে শাহিনের সঙ্গে দ্বন্দ্বের ব্যাপারে মুখ খোলেন বাবর। তিনি বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, শাহিন আফ্রিদি ও আমার সম্পর্ক নতুন নয়, এই সম্পর্ক অনেক পুরোনো। আমরা প্রতি মুহূর্তে একে অপরকে সাহায্য করি। আমাদের লক্ষ্য পাকিস্তানকে সবার আগে রাখা এবং পাকিস্তপানের নাম উজ্জ্বল করা। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না, সৌভাগ্যক্রমে আমার দলে এসবের উপস্থিতি নেই।’
নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘আমাদের দল নমনীয়। আমার তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার চেষ্টা করব, বেঞ্চের শক্তি পরীক্ষা করব। আপনারা এই সিরিজে ভিন্ন ভিন্নি কম্বিনেশন দেখবেন, সব জায়গাতেই। যখন আমরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে যাব, আমাদের কাছে পরিষ্কার এক চিত্র থাকবে।’
বাবর বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, যেসব খেলোয়াড় এখানে আছে, সবাই পারফরম্যান্সের কারণেই আছে। এত প্রতিভা থাকলে মাঝেমধ্যে একাদশ করা কঠিন হয়ে যায়। বিশ্বকাপের সব প্রস্তুতি কালকে (আজ) থেকে শুরু হবে।’ আজ রাত ৮টায় শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
