যুক্তরাষ্ট্রের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউএসসিএ)।
২০১১ সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের কোচিংয়েই ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বও পালন করেন স্টুয়ার্ট ল। এবার বাংলাদেশের বিপক্ষেই যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে ৫৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের। আগামী জুনে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট ল-এর প্রথম সিরিজ।
স্টুয়ার্ট ল’কে কোচ নিয়োগ দেয়া প্রসঙ্গে ইউএসএ ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা স্টুয়ার্ট ল-কে যুক্তরাষ্ট্রের পুরুষ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি।’
যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে ল বলেছেন, ‘এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র (আইসিসির) অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব।’
আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবকটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। স্টুয়ার্ট ল বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো, বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেয়া। এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’
যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকি স্টুয়ার্ট ল-কে কোচ করার প্রসঙ্গে বলেন, ‘স্টুয়ার্ট প্রসিদ্ধ একজন কোচ। সে তার সামর্থ্যরে পুরোটা দিয়ে দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
