ধাক্কা কাটিয়ে উঠতে চায় আর্সেনাল
দীর্ঘ সময়ের খরা কাটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করে আর্সেনাল। তবে ইউরোপ সেরার মঞ্চে প্রথম শিরোপার খোঁজে থাকা গানারদের যাত্রা থামলো কোয়ার্টার ফাইনালে। বিদায়ের পর আর্সেনালের হতাশ কোচ মিকেল আর্তেতা ‘ধাক্কা সামলে ওঠা’র প্রত্যয় জানান।
২০১৬-১৭ মৌসুমের পর এবার প্রথম চ্যাম্পিয়নস লীগে খেলার সুযোগ পায় আর্সেনাল। হাতছানি ছিল ১৪ বছর পর ইউসিএলের সেমিফাইনালে খেলার। তবে সবশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়নস লীগের সেমি খেলা আর্সেনাল এবার কোয়ার্টারে বাদ পড়লো বায়ার্ন মিউনিখের কাছে হেরে। প্রথম লেগে ২-২ ড্রয়ের পর দ্বিতীয় লেগে বাভারিয়ানদের কাছে ১-০ গোলে হারে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে গানাররা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘এই মুহূর্তে আমাদের ড্রেসিংরুমটা বিধ্বস্ত। আমরা খুবই হতাশ। এই ধাক্কা কাটিয়ে উঠতে হবে। অভিজ্ঞ একটা দলের মোকাবিলা করেছি আমরা। (দুই দলের পারফরম্যান্সের) ব্যবধানটা খুবই অল্প ছিল।’
আর্তেতা বলেন, ‘সাত বছর এই প্রতিযোগিতায় ছিলাম না আমরা। ১৪ বছরে প্রথমবারের মতো এই পর্যায়ে খেলেছি। (এই দুর্দশার) একটি কারণ তো আছে। আমরা সবকিছু নিয়ে খুব তাড়াহুড়ো করি। তবে আমি মনে করি, আমাদের সেমিফাইনাল খেলার যোগ্যতা রয়েছে।’
