রিয়ালকে জিতিয়ে রুডিগার বললেন, ‘আল্লাহু আকবার’
চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি মহারণ নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে গ্যালাটিকোদের জয়সূচক গোলটি উপহার দেন আন্তোনিও রুডিগার। আর রিয়ালকে জিতিয়ে জার্মান ডিফেন্ডার বললেন, ‘আল্লাহু আকবার’।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি-রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ৯০ মিনিট শেষ হয় ১-১ ড্রতে। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হওয়ায় ৪-৪ সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে পেনাল্টি শুটআউটে হয় ফল। টাইব্রেকারে ৫টি করে শট নিয়ে ৪ গোল পায় রিয়াল। সিটি করে ৩ গোল। শুটআউটে প্রথম শট নিতে এসে গোল করেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। রিয়ালের প্রথম শটে ব্যর্থ হন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ। সিটির দ্বিতীয় শটে মিস করেন বের্নার্দো সিলভা। রিয়ালের হয়ে প্রথম গোল পান জুড বেলিংহ্যাম। সিলভার পর মিস করেন সিটির কোভাসিস। এই সুুযোগে লুকাস ভাসকেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। চতুর্থ শটে গোল পায় সিটি-রিয়াল উভয় দলই। সিটির পঞ্চম শটে ৩-৩ সমতা টানেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। আর রিয়ালের শেষ শটে জয় উপহার দেন রুডিগার। জয়সূচক গোল করেই মাঠের এক প্রান্তে চলে গিয়ে সতীর্থদের নিয়ে উদযাপন শুরু করেন রুডিগার। এক পর্যায়ে ক্যামেরার সামনে গিয়ে ডান হাতের তর্জনী উঁচিয়ে ‘আল্লাহ এক’ ইঙ্গিত করে বলেন, ‘আল্লাহু আকবার’। যার বাংলা অর্থ হলো, আল্লাহ সবকিছুর চেয়ে বড় এবং মহান। ফুটবল বিষয়ক গণমাধ্যম স্পোর্টস ব্রিফের প্রতিবেদনে সেই ঘটনা উল্লেখ করে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদকে জিতিয়ে ঈশ্বরের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন রুডিগার।’
গোল করে সেজদা দেয়া, তাসবীহ জপা কিংবা ভ্রমণের সময় পবিত্র কোরআন পাঠ করা- ইসলাম ধর্মাবলম্বী ফুটবলার আন্তোনিও রুডিগারের এমন আচার প্রায়ই ক্যামেরাবন্দি হয়। ধর্মপ্রাণ এই জার্মান ডিফেন্ডার গত রমজানের শুরুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আলোচনায় এসেছিলেন। নিজের ইন্সটাগ্রামে টুপি-পাঞ্জাবি পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। জায়নামাজে বসে ডান হাতের তর্জনী উঁচিয়ে ‘এক আল্লাহ’ ইঙ্গিত করে ছবির ক্যাপশনে রুডিগার লিখেছিলেন, ‘বিশ্বের সকল মুসলিমদের জানাই রমজান মোবারক। সৃষ্টিকর্তা আপনাদের রোজা এবং দোয়া কবুল করুন।’ বিষয়টি অবশ্য অনেকে স্বাভাবিকভাবে নেয়নি। যেমন জার্মানির সবচেয়ে বড় পত্রিকা বিল্ড-এর সাবেক রিপোর্টার জুলিয়ান রিচেল্ট অভিযোগ তোলেন, বিশেষ ভঙ্গিমায় আঙুল দেখিয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছেন রুডিগার। রিচেল্টের অভিযোগের জবাবও দিয়েছিলেন জার্মান তারকা। তিনি বলেছিলেন, ‘রমজানের আগমনী বার্তা জানিয়ে আমি ইনস্টাগ্রামে একটি পোস্ট করি। পোস্টটি প্রায় ১৩ দিনের মতো পাবলিক ছিল এবং তা কোনো সমালোচনা ছাড়াই লাখ লাখ ফলোয়ারের কাছে পৌঁছেছে। কিন্তু সম্প্রতি কেউ একজন ছবিটি ব্যবহার করে অন্যায্য অভিযোগ তুলেছে।’
রুডিগার বলেন, “(তর্জনী উঁচিয়ে) যে অঙ্গভঙ্গিটি আমি করেছি, তাকে ‘তাওহীদ ফিঙ্গার’ বলা হয়। এর মাধ্যমে ইসলামে ঈশ্বরের একাত্বতা বোঝানো হয়। এই অঙ্গভঙ্গি গোটা বিশ্বের মুসলমানরা করে থাকেন।’
রুডিগার বলেন, ‘একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমি আমার বিশ্বাসের চর্চা করি। একইসঙ্গে যে কোনো ধরনের চরমপন্থা থেকে আমি নিজেকে দৃঢ়ভাবে দূরে রাখি। সহিংসতা এবং সন্ত্রাসবাদ আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। আমি সবসময় শান্তি ও সহনশীলতার পক্ষে। আমার বংশে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে। তবুও আমরা একে অপরকে সম্মান করি এবং একসঙ্গে ধর্মীয় উৎসব পালন করি।’
