টাইব্রেকারে সিটিকে হারিয়ে সেমিতে রিয়াল
চ্যাম্পিয়নস লীগ
প্রথম লেগের মতো দ্বিতীয় দফায়ও ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের ৯০ মিনিটের মহারণ শেষ হলো সমতায়। অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। আর পেনাল্টি শুটআউটে সিটিজেনদের কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কাটলো গ্যালাটিকোরা।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালে সিটি-রিয়ালের দ্বিতীয় লেগ ১-১তে ড্র হয়। প্রথম লেগ ৩-৩তে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল দাঁড়ায় ৪-৪। এতে টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৪-৩ গোলের জয় পায় মাদ্রিদিস্তারা।
ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যান সিটি। রিয়ালকে লিড এনে দেয়া গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ৭৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান দলটির বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
৯০ মিনিটের খেলায় রিয়ালের ওপর একচেটিয়া আধিপত্য দেখায় সিটি। ৬৮ শতাংশ বল দখলে রেখে ৩৩টি শটের ৯টি লক্ষ্যে রাখে পেপ গার্দিওলার দল। বিপরীতে ৩২ শতাংশ বল দখলে রাখা রিয়াল মাদ্রিদ ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।
টাইব্রেকারে ৫টি করে শট নিয়ে রিয়াল একটি মিস করে, সিটি ব্যর্থ হয় দুটি শটে। রিয়ালের হয়ে প্রথম স্পটকিক নিতে আসা ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচকে পরাস্ত করেন সিটি গোলরক্ষক এদেরসন। আর সিটির হয়ে মিস দুটি করেন বের্নার্দো সিলভা ও মাতেও কোভাসিচ।
রাতের অন্য ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে পৌঁছে বাভারিয়ানরা।
