কোহলিকে টপকানোসহ ৩ রেকর্ডের হাতছানি বাবরের
জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের ওয়ার্ল্ডকাপের প্রস্তুতি সারতে পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড। এই সিরিজে তিনটি রেকর্ড অপেক্ষা করছে পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর আজমের সামনে।
পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়েই দ্বিতীয় দফায় পাকিস্তানের রঙিন পোশাকের অধিনায়কত্বে ফিরছেন ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব হারানো বাবর আজম। পাকিস্তান ক্যাপ্টেনের সামনে থাকা তিনটি রেকর্ড হলো- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এবং ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন উগান্ডার ব্রায়ান মাসাবা। তার নেতৃত্বে ৫৬ ম্যাচের ৪৪টিতেই জিতেছে পূর্ব আফ্রিকার দেশটি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতায় উগান্ডার মাসাবার পর যৌথভাবে দুইয়ে আছেন আফগানিস্তানের আসগর আফগান, পাকিস্তানের বাবর আজম ও ইংল্যান্ডের এউইন মরগান। প্রত্যেকেই অধিনায়কের ভূমিকায় ৪২টি করে ম্যাচ জিতেছেন। আফগান ও মরগান অনেক আগেই অবসরে গেছেন। তাই শিগগিরই মাসাবার রেকর্ড ভাঙার সম্ভাবনা আছে শুধু বাবরের।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই বাবর হয়ে যেতে পারেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। ২ হাজার ২৩৬ রান নিয়ে এ তালিকায় এখন শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২ হাজার ১৯৫ রান নিয়ে বাবর আছেন দুইয়ে। তিনে থাকা কেইন উইলিয়ামসনের রান ২ হাজার ১২৫। আইপিএলে ব্যস্ত থাকায় উইলিয়ামসনকে পাকিস্তান সফরের দলে রাখেনি নিউজিল্যান্ড। তাই বাবরের আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে পাকিস্তানে যাওয়া কিউইদের বিপক্ষে ৫ ম্যাচে ৪২ রান করতে পারলেই চূড়ায় পৌঁছে যাবেন বাবর।
সর্বোচ্চ রান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। ভারতীয় ব্যাটারের রান ৪ হাজার ৩৭। ৩ হাজার ৯৭৪ রান নিয়ে দুইয়ে আছেন আরেক ভারতীয় রোহিত শর্মা। তালিকার তিনে থাকা বাবরের রান ৩ হাজার ৬৯৮। রোহিতকে ছাড়িয়ে দুইয়ে উঠতে বাবরের প্রয়োজন ২৭৭ রান। আর কোহলিকে টপকে চূড়ায় উঠতে দরকার ৩৪০ রান। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং কওে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে যেতে পারেন বাবর।
আগামীকাল রাত ৮টায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি চার ম্যাচ হবে ২০, ২১, ২৫ ও ২৭ এপ্রিল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে লাহোরে। বাকিগুলো রাওয়ালপিন্ডিতে।
