পিএসজিকে চ্যাম্পিয়নস লীগ জেতানোর স্বপ্ন এমবাপ্পের
মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। ঠিকানা পরিবর্তনের মনস্থ করলেও পিএসজির জার্সিতে নিবেদনের কমতি নেই ফরাসি ফরোয়ার্ডের। মৌসুমে ৪২ ম্যাচে ৪১ গোল করা এমবাপ্পের নৈপুণ্যেই চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে পৌঁছে পিএসজি। বিদায় বেলায় লা প্যারিসিয়ানদের শোকেসে চ্যাম্পিয়নস লীগ শিরোপা তোলার স্বপ্ন দেখছেন কিলিয়ান।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে হারায় পিএসজি। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক বলেন, ‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়নস লীগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব এবং দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এই এখানে বেড়ে ওঠা কারও জন্য বিশেষ কিছু।’ ২০১৭ সালে আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে পিএসজিতে পাড়ি জমান এমবাপ্পে।
শিরোপা জয়ের মিশনে সতর্ক এমবাপ্পে বলেন, ‘একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরো একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে।’
বার্সেলোনাকে হারিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে। তিনি বলেন, ‘আজকে আমরা অসাধারণ একটি দলকে হারিয়েছি। আজ আমরা যদি হেরেও যেতাম, তবু আমি প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। তবে এখন এটা নিশ্চিত যে এমন একটি সন্ধ্যার কারণে গর্বের মাত্রাটা আরো বেড়ে যায়। আমরা খুবই খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি, যাদেও আমরা হারাতে চেয়েছি এবং ফাইনালের আরো কাছে যেতে চেয়েছি। এই জয় তাদের জন্য, যারা এখানে এসে এবং ঘরে বসে আমাদের সমর্থন দিয়েছে। এটা গর্বিত হওয়ার মতোই রাত।’
