রিয়ালকে ভয় পায় না ম্যান সিটি
উয়েফা চ্যাম্পিয়নস লীগের সফলতম দল রিয়াল মাদ্রিদ। গত ১১ আসরের মধ্যে ১১ বারই সেমিফাইনাল খেলেছে গ্যালাটিকোরা। তবে লস ব্লাঙ্কোদের সমৃদ্ধ ইতিহাস ভাবাচ্ছে না ইউসিএলে ক্লাবটির ‘নিয়মিত প্রতিপক্ষ’ বনে যাওয়া ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ মাস্টার মাইন্ডের হুঙ্কার, ‘রিয়ালকে সম্মান করলেও ভয় পাই না।’
আজ রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে একে অন্যের বিপক্ষে খেলছে ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে সিটিকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপা জিতে নেয় রিয়াল। গত বছর মাদ্রিদিস্তাদের হারিয়েই ফাইনালে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় সিটি। খেলোয়াড় কিংবা কোচ হিসেবে অসংখ্যবার রিয়ালের মুখোমুখি হয়েছেন সিটির বর্তমান কোচ গার্দিওলা। তাই দলটিকে ভয় পাওয়ার কিছু দেখছেন না তিনি। গার্দিওলা বলেন, ‘তাদের ভয় পাই না। যদিও অনেক সম্মান করি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি। তাদের সম্মান করি, তবে যদি বলি যে, ওদের ভয় পাই, তাহলে ভুল হবে।’
গার্দিওলা বলেন, ‘তাদের হারাতে এবং ভালো খেলতে চাইবেন। কখনো কখনো জিতবেন, আবার কখনো কখনো হেরে যাবেন। কিন্তু আমি ওদের ভয় পাই না, যদি তারা আমাদের হারায়... যেমনটা অনেকবার হয়েছে... আমরা তাদের অভিনন্দন জানাব।’
মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা বলেন, রিয়াল মাদ্রিদ গত মৌসুমের চেয়ে এবার অনেক শক্তিশালী। পর্তুগিজ ফুটবলারের সঙ্গে দ্বিমত পোষণ করে গুরু গার্দিওলা বলেন, ‘আমি বের্নার্দোর সঙ্গে একমত নই, গত বছর বেনজেমা, মদরিচকে নিয়ে রিয়াল খুব ভালো দল ছিল। আমি যখন রিয়াল মাদ্রিদকে নিয়ে ইতিবাচক কথা বলি, মানুষ সেটি বিশ্বাস করে না।’
