বার্সেলোনাকে বিদায় করে সেমিতে পিএসজি
চ্যাম্পিয়নস লীগ
কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের জয়ের পর দ্বিতীয় লেগে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মনে হচ্ছিল, সহজ জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে পৌঁছাবে ব্লাউগ্রানারা। তবে নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নেয় পিএসজি। মঙ্গলবার রাতে অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে স্বাগতিক বার্সেলোনাকে হারিয়ে দেয় ৪-১ ব্যবধানে। এতে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট কাটে পিএসজি। প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা।
ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। ২৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরোহা। ১০ জনের বার্সেলোনাকে পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ৪০ মিনিটে ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলের গোলে সমতাও টানে লা প্যারিসিয়ানরা। ৫৪ মিনিটে ভিতিনহার গোলে লিড নেয় সফরকারীরা। আর ৬১ ও ৮৯ মিনিটে জোড়া গোলে পিএসজিকে ৪-১ গোলের বড় জয় উপহার দেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
রাতের আরেক কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমির টিকিট কাটে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ২-১ গোলের হারের পর মঙ্গলবার রাতে দ্বিতীয় দেখায় ৪-২ গোলের জয় তুলে নিল জার্মান বুন্দেসলিগার দলটি। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পৌঁছায় ডর্টমুন্ড।
