জাতীয় দলের চেয়ে আইপিএলে বেশি মনোযোগী মোস্তাফিজ?
আইপিএলে চেন্নাই-মুম্বাই ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাউন্ডারি লাইনের ফাঁদ সামলে দু’বারের চেষ্টায় নেয়া ক্যাচের কারণে ১ লাখ রুপি অর্থ পুরস্কারও পেয়েছেন টাইগার পেসার। কাটার মাস্টারের দুর্দান্ত ক্যাচে শুরু হয়েছে আইপিএলে তার নিবেদনের প্রশংসা। শুধু একটি ক্যাচ নয়, বল হাতেও অনন্য মোস্তাফিজ। এতে প্রশ্নও উঠছে, জাতীয় দলের জার্সিতে এমন দুর্দান্ত দেখা যায় না কেন দ্য ফিজকে? বাংলাদেশের চেয়ে আইপিএলেই কি বেশি মনোযোগী মোস্তাফিজ? এই প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আইপিএলের আগে গত মার্চে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোটে ২ উইকেট পেয়েছেন কাটার মাস্টার। জাতীয় দলের জার্সিতে রঙহীন মোস্তাফিজ আইপিএলে গিয়েই রূপ পাল্টে ফেলেন। আগুনে বোলিংয়ে আইপিএলের লিডিং উইকেট শিকারীদের তালিকায় দুইয়ে রয়েছেন মোস্তাফিজ। এক মাসের ব্যবধানে ফিজের এমন পরিবর্তনেই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক আইপিএলে চেন্নাইয়ের একাদশে টিকে থাকতেই কি জান-প্রাণ দিয়ে খেলছেন মোস্তাফিজ? আজ এক বাণিজ্যিক কাজে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের খেলাতেই বেশি মনোযোগী দেখা যায় মোস্তাফিজকে। এখন সে বাইরের একটা লীগ খেলছে। ওখানেও অবশ্যই ওর কমিটমেন্ট আছে। সেখানে তার কমিটমেন্ট রক্ষা করছে।’
শান্ত বলেন, ‘ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, প্রত্যেকটা বল যখন ও করে, তখন চিন্তা কওে যে দেশের বা দলের কীভাবে উপকার হয়।’
