কী কথা তাহার সনে বলবেন না শান্ত
আচমকা অবসরের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে ফের সরে যাওয়া- বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে নিয়ে নাটকীয়তা চলছে অনেক দিন ধরে। টাইগার ভক্তদের প্রশ্ন, কবে বাইশগজে ফিরবেন তামিম? আদৌ কি ফিরবেন? এরইমধ্যে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করলেন দেশসেরা ওপেনার। তবে সাক্ষাতে কী কথা হয়েছে, তা বলতে চান না অধিনায়ক শান্ত।
২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন তামিম ইকবাল। আগেই টি-টোয়েন্টিকে বিদায় জানানো এই ব্যাটার টেস্ট খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচ শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে জাতীয় দলের অধিনায়ক শান্তর সঙ্গে কথা বলেন তামিম। আর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি কার্যালয়ে। জাতীয় দলের অধিনায়ক ও ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গে আলোচনার সঙ্গে কি তামিমের জাতীয় দলে ফেরার কোনো সম্পর্ক আছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক। আমরা এমনি একটু আড্ডা দিয়েছি।’ আর জালাল ইউনুস জানিয়েছেন, তামিম এমনিতেই গল্প করতে গিয়েছিলেন তার রুমে।
কয়েক দিন আগে জালাল ইউনুস এবং বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ তামিমের সঙ্গে কথা বলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে তার মনোভাব জেনে তারা তা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। সুত্র জানিয়েছে, তামিম বিসিবিকে জানিয়েছেন, মূলত শারীরিক ফিটনেসের কারণেই টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তিনি। তবে বিসিবি আশাবাদী কিছু সমস্যার সমাধান হলে হয়তো তিনি ওয়ানডে ক্রিকেটটা আরো কিছুদিন খেলবেন। সমস্যা বলতে ধারণা করা হচ্ছে, অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের কোচিং স্টাফ ও জুনিয়র ক্রিকেটারদের কাছ থেকে যথাযথ সম্মান না পাওয়া।
