সর্বোচ্চ রানের নতুন রেকর্ড হায়দরাবাদের
আইপিএল
গত মাসেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়লো দলটি। ট্রাভিস হেড-হেইনরিখ ক্লাসেনদের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে তুললো ২৮৭ রান।
গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরু ম্যাচের আগে সেটিই ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। আজ বেঙ্গালুরুর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেডের সেঞ্চুরি এবং হেইনরিখ ক্লাসেনের ফিফটিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রানের টার্গেট দেয় হায়দরাবাদ। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১০৮ রান তোলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ৮.১ ওভারে ২২ বলে ৩৪ রান করে অভিষেক আউট হলে ভাঙে এই জুটি। এরপর ক্লাসেনকে নিয়ে ৫৭ রান তোলেন হেড। দলীয় ১৬৫ রানে সাজঘরে ফেরেন এই অস্ট্রেলীয় ব্যাটার। ক্রিজ ছাড়ার আগে ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেড। ৩১ বলে ২ চার ও ৭ ছক্কায় ক্লাসেন খেলেন ৬৭ রানের ইনিংস। শেষে এইডেন মারক্রাম ১৭ বলে ৩২* এবং আব্দুল সামাদ ১০ বলে ৩৭* রানে অপরাজিত থাকেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন রিস টপলি। ৪ ওভারে ৬৮ রানের খরচায় ১ উইকেট নেন এই ইংলিশ পেসার। ৪ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট নেন লকি ফার্গুসন।
