ডিপিএলে মাশরাফিদের ম্যাচে আগুন
ক্রিকেট ফিরেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ৮ দিনের বিরতি শেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। আজ লীগের ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। তবে ম্যাচটিতে ঘটে যায় অনাকাক্সিক্ষত এক দুর্ঘটনা। আগুন লেগে বন্ধ হয়ে যায় ম্যাচ।
সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় লেজেন্ডস অব রূপগঞ্জ এবং গাজী টায়ার্স। ম্যাচে প্রেসিডেন্ট বক্সের পেছনে লেগে যায় আগুন। জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আগুন লেগে যাওয়ার পর খেলা ১০ মিনিট বন্ধ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ফের খেলা শুরু হয়।
এই ম্যাচে গাজী টায়ার্সকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় রূপগঞ্জ লেজেন্ডস। গাজী টায়ার্সকে ১৫০ রানে গুটিয়ে দিয়ে মাশরাফির দল ম্যাচটি জিতে নেয় ১৯.২ ওভারে।
দিনের অন্য দুই ম্যাচে আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হয়। মিরপুরে প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারায় আবাহনী। আর ফতুল্লায় পার্টেক্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় শেখ জামাল।
