মোস্তাফিজের ছুটি বাড়ালো বিসিবি
আইপিএল
আইপিএলে ফর্ম দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। অবদান রাখছেন চেন্নাই সুপার কিংসের প্রায় প্রতি ম্যাচে। যদিও দুর্দান্ত ফিজ খেলতে পারবেন না আইপিএলের পুরো মৌসুম। তবে চেন্নাই সমর্থকদের জন্য সুসংবাদ, আইপিএলের জন্য মোস্তাফিজের ছুটি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির অনাপত্তিপত্রের শর্ত অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের আইপিএলে থাকার কথা। বিসিবি ছুটি বাড়ানোয় ১ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন কাটার মাস্টার। অর্থাৎ, আইপিএলে চেন্নাইয়ের আর চারটি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। ম্যাচগুলো- ১৯, ২৩, ২৮ এপ্রিল ও ১ মে অনুষ্ঠিত হবে।
আগামী ৩ মে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে ৫, ৭, ১০ ও ১২ মে।
চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে দুইয়ে টাইগার পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর উইকেটও ১০। আর ১১ উইকেট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।
