নেতৃত্ব হারিয়ে পাকিস্তানের প্রথম দুই ম্যাচে নেই আফ্রিদি
নিউজিল্যান্ড সিরিজ
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তারই অংশ হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে শাহিন শাহ আফ্রিদির প্রস্তুতিটা শুরু হবে কিছুটা দেরিতে। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না শাহিনের।
ক’দিন আগে পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারান শাহিন আফ্রিদি। এবার কি দলেও জায়গা হারালেন এই তারকা পেসার? তেমনটি নয়। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়ার্কলোড’-এর কারণে শাহিনকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে পিসিবির টিম ম্যানেজমেন্ট। পিসিবির সূত্রের বরাত দিয়ে জিওটিভি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচ দিয়ে ফিরতে পারেন শাহিন।
আগামী ১৮ এপ্রিল শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২১, ২৫ ও ২৭ এপ্রিল।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন আনে মহসিন নাকভি নেতৃত্বাধীন পিসিবির নতুন কমিটি। রঙিন পোশাকের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্বে ফেরানো হয় বাবর আজমকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার।
