অবিশ্বাস্য ক্যাচ নিয়ে যে পুরস্কার পেলেন মোস্তাফিজ
আইপিএল
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারেননি চেন্নাই সুপার কিংস পেসার মোস্তাফিজুর রহমান। ১ উইকেট নিলেও ৪ ওভারে ৫৫ রান দেন টাইগার বোলার। চেন্নাইয়ের বোলারদের মধ্যে যা ছিল সর্বোচ্চ। তবে খরুচে মোস্তাফিজ প্রশংসায় ভাসছেন অন্য কারণে। মুম্বাই ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ তালুবন্দি করেছেন তিনি। যার পুরস্কার হিসেবে পেয়েছেন মোটা অঙ্কের টাকা।
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের ইনিংসে মাতিশা পাতিরানার করা ৭ম ওভারের ২য় বলে আপার-কাট খেলেন সূর্যকুমার যাদব। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন মোস্তাফিজ। শূন্যে ভেসে বলটি তালুবন্দি করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছিলেন মোস্তাফিজ। দড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন তিনি। সীমানার বাইরে চলে যাওয়া মোস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। এতে শূন্য রানে সাজঘরে ফেরেন সূর্যকুমার। মোস্তাফিজের দুইবারের চেষ্টায় নেয়া ক্যাচটি ম্যাচসেরা নির্বাচিত হয়। এতে পুরস্কার হিসেবে ১ লাখ রুপি পান টাইগার পেসার। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৩১ হাজার টাকারও বেশি।
