‘রোনালদো থাকলে আর্সেনালই চ্যাম্পিয়ন হতো’
ইংলিশ প্রিমিয়ার লীগে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। তুমুল প্রতিযোগিতার মধ্যে নিজেদের শেষ ম্যাচে ধাক্কা খেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। শিরোপা বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকা গানারদের স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে এমনটা হতো না। এমনই দাবি বৃটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগ্যানের।
২০২১ সালে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলেন ২০২২ সাল পর্যন্ত। কাতার বিশ্বকাপের সময় ক্লাবের সমালোচনা করে ইউনাইটেড থেকে বিতাড়িত হন পর্তুগিজ সুপারস্টার। সে সময় রোনালদোর আর্সেনালে যোগ দেয়ার সম্ভাবনাও জেগেছিল। তবে কোচ মিকেল আর্তেতার কারণে সেটি সম্ভব হয়নি। গতকাল অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হারে আর্সেনাল। সেই ম্যাচের পর টকটিভির পিয়ার্স মরগ্যান বলেন, ‘রোনালদো থাকলে মৌসুমে আর্সেনালের হয়ে ২৫+ গোল করতো।’
মরগ্যান বলেন, ‘বিশ্বমানের স্ট্রাইকারকে না ভিড়িয়ে ভুল করেছিলেন (আর্সেনাল কোচ মিকেল) আর্তেতা। আপনারা উপহাস করতে পারেন। কিন্তু যদি রোনালদোকে সাইন করানো হতো, যখন সে ইউনাইটেড ছাড়লো- আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ছিল। রোনালদোও কিন্তু ক্লাবটিতে যেতে চেয়েছিল। সে জানে কীভাবে বড় শিরোপা জিততে হয়। তার গোল করার পারদর্শিতা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়।’ ২০২২ সালে পিয়ার্স মরগ্যানের টকটিভির অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েই ম্যানইউ েথেকে বিতাড়িত হয়েছিলেন রোনালদো।
৩২ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে আর্সেনাল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা লিভারপুলের পয়েন্টও ৭১। মৌসুমের বাকি ৬ ম্যাচ। এই ম্যাচগুলোতেই নির্ধারিত হবে প্রিমিয়ার লীগের ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন।
