খরুচে মোস্তাফিজ, বেবি মালিঙ্গার নৈপুণ্যে চেন্নাইয়ের জয়
আইপিএল
পার্পল ক্যাপ পুনরুদ্ধারের ম্যাচে বল হাতে সুবিধা করতে পারলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এক উইকেট পেলেও করেছেন খরুচে বোলিং। অন্যদিকে লঙ্কান পেসার বেবি মালিঙ্গা খ্যাত মাতিশা পাতিরানার দাপুটে বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২০৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে সমর্থ্য হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭০ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। ৭.১ ওভারে ১৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ইশান কিষান। আরেক ওপেনার রোহিত শর্মা ৬৩ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া তিলক ভার্মা ৩১ এবং টিম ডেভিড ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। মুম্বাইয়ের ইনিংসে টিম ডেভিডের উইকেটটি নেন মোস্তাফিজ। ১৭ ওভারের তৃতীয় বলে কাটার মাস্টারের ডেলিভারির মোকাবিলায় ক্যাচ তোলেন এই ব্যাটার। ৪ ওভারে ৫৫ রান খরচা করা মোস্তাফিজ এখন আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। সমান ১০ উইকেট মোস্তাফিজ ও মুম্বাই ইন্ডিয়ান্স পেসার জাসপ্রীত বুমরাহর। চেন্নাইয়ের ইনিংসে আজ কোনো উইকেট পাননি বুমরাহ। সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক রয়ে গেছেন রাজস্থান রয়্যালস স্পিনার যুজবেন্দ্র চাহালই।
মোস্তাফিজের এক উইকেট পাওয়ার ম্যাচে বল হাতে চমক দেখান চেন্নাইয়ের লঙ্কান পেসার মাতিশা পাতিরানা। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। একইসঙ্গে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় আটে উঠে আসলেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় চেন্নাই। ৮ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আজিঙ্কা রাহানে। চেন্নাইয়ের ইনিংসে সর্বোচ্চ ৬৯ রান করেন ঋতুরাজ। ৪০ বলের ইনিংসটি পাঁচটি করে চার-ছক্কায় সাজান চেন্নাই অধিনায়ক। ৩৮ বলে ১০ চার ২ ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শিবম দুবে। শেষে ৪ বলে ৩ ছক্কায় ২০* রানের ঝড়ো ইনিংস খেলেন এমএস ধোনি। এছাড়া রাচিন রবীন্দ্র ২১, ড্যারিল মিচেল ১৭ রান করেন।
চেন্নাইয়ের ইনিংসে ৩ ওভারে ৪৩ রানের খরচায় ২ উইকেট নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন জেরাল্ড কোটসিয়াহ ও শ্রেয়াস গোপাল।
৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের তিনে চেন্নাই সুপার কিংস। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা নাইট রাইডার্স। রান রেটে এগিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট শীর্ষে রাজস্থান রয়্যালস। আর ৪ পয়েন্ট নিয়ে আটে মুম্বাই ইন্ডিয়ান্স।
