মেসি ম্যাজিকে ৫ ম্যাচ পর জয় মায়ামির
ফুটবল মাঠে ধুঁকছিল ইন্টার মায়ামি। সবমিলিয়ে টানা ৫ ম্যাচ ছিল জয়হীন। ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে জয়ে ফিরলো হেরনরা। লিওনের মেসির নৈপুণ্যে স্পোর্টিং কেসিকে হারালো পিঙ্ক লেডরা। আজ ভোরে স্পোর্টিং কেসির মাঠে এমএলএসের ম্যাচে ৩-২ গোলের জয় পায় টাটা মার্টিনোর দল।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। চোটের কারণে খেলতে পারেননি মায়ামির পাঁচ ম্যাচ। গত ৭ এপ্রিল লীগের ম্যাচে কলোরাডো রেপিডসের বিপক্ষে মাঠে ফিরলেও আর্জেন্টিনা অধিনায়ক জেতাতে পারেননি ইন্টার মায়ামিকে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এবার স্পোর্টিং কেসির বিপক্ষে ম্যাচে গোল এবং অ্যাসিস্টে অবদান রাখলেন মেসি। যদিও কানসাসের মাঠে প্রায় ৭৩ হাজার দর্শকের সামনে শুরুতে পিছিয়ে পড়েছিল মেসির মায়ামি।
৬ মিনিটে এরিক টমি গোল করেন স্বাগতিকদের হয়ে। সমতা ফেরাতে মায়ামিকে অপেক্ষা করতে হয় ১৮ মিনিট পর্যন্ত। বক্সের অনেক বাইরে থেকে দারুণ এক পাসে দিয়েগো গোমেজের গোলটিতে সহায়তা করেছেন মেসি। ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন আর্জেন্টাইন তারকা। কানসাসের খেলোয়াড়দের দেয়ালকে ফাঁকি দিতে পারলেও বল চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে এগিয়ে দেন মেসিই। ডেভিড রুইজের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপজয়ী এ তারকা। এটি এমএলএসের চলতি মৌসুমে মেসির পঞ্চম গোল। এগিয়ে যাওয়ার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামির। ৫৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলে কানসাসকে সমতায় ফেরান টমি।
৭১ মিনিটে অবশ্য কানসাস সমর্থকদের উল্লাস থামিয়ে মায়ামিকে আবার এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এরপর আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মায়ামি। ৯ ম্যাচে মায়ামির পয়েন্ট ১৫। বাংলাদেশ সময় ২১ এপ্রিল ভোরে ঘরের মাঠে মায়ামি নিজেদের পরের ম্যাচ খেলবে নাশভিলের বিপক্ষে।
