বার্সেলোনাকে টপকাতে পারলো না জিরোনা
বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগা টেবিলে দুইয়ে ওঠার সুযোগ ছিল জিরোনার। আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরুতে লিড নিয়ে সেই সম্ভাবনাও জোরদার করেছিল ক্লাবটি। তবে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিলো স্বাগতিক অ্যাটলেটিকো।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় জিরোনা। গোলটি করেন ইউক্রেনিয়ান ফরোয়ার্ড আর্তেম ডভবিক। ৩৪তম মিনিটে সমতা টানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সফল স্পটকিকে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যান। ৪৫+৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়ার গোলে লিড নেয় অ্যাটলেটিকো। আর ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে অ্যাটলেটিকোকে ৩-১ গোলের জয় উপহার তেন গ্রিজম্যান।
এই জয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের তিনে থাকা জিরোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে ৬১ পয়েন্ট দিয়েগো সিমিওনের দলের। সমান ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট জিরোনার। চার পয়েন্টে পিছিয়ে অ্যাটলেটিকো। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। আর দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৭। ব্লাউগ্রানাদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে জিরোনা।
