আইপিএলে ‘টস টেম্পারিং’
১১ এপ্রিল আইপিএলের ২৫তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারায় মুম্বাই ইন্ডিয়ানস। দুদিন পেরোলেও ম্যাচটি আলোচনায় ভিন্ন কারণে। ম্যাচে টস টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটি থেকে টসের কয়েন তোলার সময় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সেটি উল্টে ফেলেন। শ্রীনাথ কয়েন তোলার পর ঘোষণা দেন, টস জিতেছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও এ নিয়ে কোনো আপত্তি করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এনিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। একজন নিজের এক্স হ্যান্ডেল থেকে টসের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘টসের পরিষ্কার ভিডিও... এরপরও যদি কারো সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’ একজন লিখেছেন, ‘কী!’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমুজি।
টস টেম্পারিংয়ের ম্যাচটিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৯৬ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।
