বার্সেলোনার উন্নতির নেপথ্যে জাভির চাকরি ছাড়ার ঘোষণা
স্প্যানিশ লা লিগায় শিরোপার দৌড়ে রয়েছে বার্সেলোনা। লড়ছে উয়েফা চ্যাম্পিয়নস লীগেও। দুর্দান্ত ব্লাউগ্রানাদের অবস্থাটা জুতসই ছিল না মৌসুমের শুরুতে। টানা ব্যর্থতায় ক্লাবের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। স্প্যানিশ মাস্টারমাইন্ডের ভাষ্য, এরপরই পাল্টে যায় বার্সেলোনার অবস্থা।
চলতি বছরের প্রথম মাসটা বাজে কাটে বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্লাউগ্রানারা। এর ১০ দিন পর কোপা দেল রে’র কোয়ার্টারে অ্যাতলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হারে কাতালানরা। টানা দুই শিরোপাবঞ্চিত হয়ে সমালোচনার মুখে পড়েন বার্সা কোচ জাভি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত ২৭ জানুয়ারি লীগের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারে বার্সেলোনা। সেই ম্যাচের পর জাভি ঘোষণা দেন, মৌসুম শেষেই ক্লাবের চাকরি ছাড়বেন তিনি। জাভির সেই ঘোষণার পর নাটকীয় পরিবর্তন আসে বার্সেলোনার পারফরম্যান্সে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত তারা। লা লিগার শিরোপার লড়াইয়ে আজ রাত ১টায় কাদিজের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি বলেন, ‘জনসম্মুখে ওই (চাকরি ছাড়ার) সিদ্ধান্ত জানানোর পর থেকে, ক্লাবের আবহ এবং গণমাধ্যম থেকে যা কিছু বলা হতো, তা অনেকটাই শান্ত হয়েছে। যখন কোনো কিছুর মেয়াদ শেষের দিন উল্লেখ থাকে, তখন সেটা কাজে দেয়। এখন আমরা যেখানে আছি, সিদ্ধান্তটি নেয়ার সময়ই আমি এ বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলাম। তখন ক্লাবের প্রেসিডেন্টকে (হুয়ান লাপোর্তা) আমি এটাই বলেছিলাম। ক্লাবের ভালোর জন্যই আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম।’
চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। ৬৭ পয়েন্ট নিয়ে রয়েছে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। মৌসুমের বাকি ৮ ম্যাচে এই পার্থক্য ঘুচিয়ে শিরোপা জিততে হবে বার্সেলোনাকে। কোচ জাভি বলেন, ‘যদি সিদ্ধান্তটি না নিতাম, তাহলে একটা বিপর্যয় হয়ে যেত। সঠিক সিদ্ধান্ত ছিল। (ওই সিদ্ধান্তের ফলে) ক্লাবে যে শান্ত ভাব এসেছে, সেই কারণেই আমরা এই অবস্থায় আসতে পেরেছি। এটা ছাড়া যা খুব কঠিন হতো।’
