বিশ্বকাপে মেসির বিকল্প খুঁজছে আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপে খেলবেন তো লিওনেল মেসি? বহুবার শোনা গিয়েছে, কিংবদন্তি এই ফুটবলারের নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। মেসি নিজেও নেতিবাচক কিছু বলেননি। তবে বয়সের কারণে আগামী জুনে ৩৭ বছরে পা রাখতে চলা এলএমটেনকে নিয়ে শঙ্কায় আলবিসেলেস্তেরা। শিরোপাধারীরা নাকি মেসির বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছে।
২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপ শুরুর আগে লিওনেল মেসি বলেছিলেন, কাতার বিশ্বকাপ দিয়েই বুটজোড়া তুলে রাখবেন তিনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বদলেছে দৃশ্যপট। অবসর তো দূরের কথা, ২০২৬ বিশ্বকাপ খেলার প্রস্তুতিও নিচ্ছেন মেসি। সম্প্রতি আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন দলটির সহকারী কোচ রবার্তো আয়ালা। আর্জেন্টাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিষয়টা নিয়ে ম্যাচ ধরে ধরে ভাবছি। এরপর কোপা আমেরিকায় কী হয়, আমরা তা দেখব। সে কোন অবস্থায় আছে, তা-ও যাচাই করা হবে। তবে সিদ্ধান্তটা পুুরোপুরিভাবে তার কাছ থেকেই আসবে। সে কীভাবে চালিয়ে যেতে চায়, সেটা তার ওপর নির্ভর করছে। সে এখন দারুণ উপভোগ করছে। যখনই সে খেলার জন্য দলে যোগ দিচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে।’
মেসির জন্য অপেক্ষার পাশাপাশি তার বিকল্প তৈরি রাখার কথাও বলে রেখেছেন আয়ালা। তিনি বলেন, ‘আমাদের আরেকজন খেলোয়াড় প্রস্তুত রাখতে হবে।’
এর আগে বিষয়টি নিয়ে মেসির সবশেষ বক্তব্য, ‘আমার মনে হয়, আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি। আমি এটা নিয়ে ভাবছি না। আবার এটাও শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে (পরের বিশ্বকাপে) থাকব না। কারণ যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। দেখা যাক কী হয়।’
