সেমিতে জকোভিচ, ভাঙলেন নাদালের রেকর্ড
মন্টে কার্লো মাস্টার্স
এর আগে সর্বোচ্চ সেমিফাইনালের রেকর্ডটা যৌথভাবে ছিলো রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের। তবে মন্টে কার্লো মাস্টার্সের সেমিতে উঠে নাদালের সে রেকর্ড ভাঙলেন জকোভিচ। এটিপি ১০০০ ইভেন্টে ৭৭ তম সেমিফাইনালে উঠলেন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ চারে যাওয়ার পথে জকোভিচ হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে।
গতকাল মোনাকোর রেইনিয়ার কোর্টে শেষ আটে ডি মিনাউরকে সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জিতেছেন ৭-৫, ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা অগোছালো ছিলেন তিনি। ব্রেক সার্ভ করতে হয়েছে ৭টি।
জকোভিচের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ইয়ানিক সিনারও। কোয়ার্টার ফাইনালে হোলগার রুনকে ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান। শেষ চারে তার প্রতিপক্ষ স্টেফানোস সিৎসিপাস। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২২ বছর বয়সী সিনারই একমাত্র খেলোয়াড়, যিনি এ মৌসুমের তিনটি এটিপি মাস্টার্স ১০০০-এর সেমিফাইনালে উঠলেন। ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে কার্লোস আলকারাজের কাছে হারের পর মার্চে মিয়ামি ওপেন জিতেছেন তিনি।
অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের হুগো হ্যামবার্টের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হয় রুডের। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেটেই হেরে যান ৪-৬ গেমে। শেষ সেটে রুডের কাছে পাত্তাই পাননি হ্যামবার্ট। ৬-১ গেমে জয় পান রুড। ২-১ সেটের জয়ে জায়গা করে নেন সেমিফাইনালে। সেমিফাইনালে রুডের প্রতিপক্ষ জকোভিচ।
২০১৫ সালের পর আর মন্টে কার্লোতে শিরোপা জেতা হয়নি শীর্ষ বাছাই জকোভিচের। এবার তিনি এই ইভেন্টের শেষ চার নিশ্চিত করলেন সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। আজ শনিবার সন্ধ্যায় সেমির লড়াইয়ে জকোভিচ মুখোমুখি হবেন কাসপার রুদের। এই অষ্টম বাছাই নরওয়েজীয় সেমিতে উঠেছেন ফ্রান্সের উগো হামবার্টকে হারিয়ে।
এবার মন্টে কার্লোর ফাইনালে ওঠার সামনে সিনারের বাধা সিৎসিফাস। ১২তম বাছাই এই গ্রিকের ঝুলিতে রয়েছে এই টুর্নামেন্টের দুটি শিরোপা। সিৎসিফাস সেমিতে উঠেছেন রাশিয়ার কারেন কাচানভকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে।
