বার্সেলোনাকে এমবাপ্পের হুমকি
উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রতিপক্ষ বার্সেলোনা। আগামী ১০ এপ্রিল পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে ব্লাউগ্রানাদের আতিথ্য দেবে লা প্যারিসিয়ানরা। সেই ম্যাচে নামার আগে কাতালানদের হুমকি দিয়ে রাখলেন পিএসজি স্টার কিলিয়ান এমবাপ্পে।
মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। তবে বিদায় বেলায় নিবেদনে কমতি নেই এমবাপ্পের। গোল পাচ্ছেন পিএসজির প্রায় প্রতি ম্যাচেই। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল নিয়েও আশাবাদী ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড। ফরাসি গণমাধ্যম টেলিফুটকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘বড় খেলোয়াড়দের ম্যাচ শুরু হচ্ছে (হাইভোল্টেজ বোঝানোর অর্থে)। আমি কখনো কিছু লুকাই না। আমি তাদের মোকাবিলার জন্য প্রস্তুত।’
এমবাপ্পে বলেন, ‘প্রতি বছরের এই সময়টা মৌসুমের টার্নিং পয়েন্ট। এপ্রিলের শেষে আমরা বুঝতে পারি যে, আমাদের সিজনটা কেমন হচ্ছে। আমি নিশ্চিত যে, (বার্সেলোনার বিপক্ষে) সাফল্য পেতে নিজেদের সর্বোচ্চটা দেবো আমরা। বাকিটা ঈশ্বরের হাতে।’
আগামী ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার আতিথ্য নেবে পিএসজি।
