‘মেসি দেখতে শয়তানের মতো’
দুদিন আগেই খবর ছড়ায় প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চেঁচামেচি করেছেন লিওনেল মেসি। বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সংবাদ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মন্টেরি ম্যাচে অনিয়মের কারণেই মেজাজ হারিয়েছিলেন গ্যালারিতে বসে খেলা দেখা মেসি। সেই ঘটনায় আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে কটুক্তি করেন মন্টেরির সহকারী কোচ নিকো সানচেজ।
গত ৪ এপ্রিল চেইজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মায়ামিকে ২-১ গোলে হারায় মন্টেরি। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি লিওনেল মেসি। তবে মাঠে বসেই খেলা দেখেন মায়ামি অধিনায়ক। ইএসপিএন জানিয়েছে, সেই ম্যাচের পর মন্টেরির ড্রেসিংরুমে গিয়ে চেঁচামেচি করেন মেসি। বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবর, মন্টেরির ড্রেসিংরুম নয়, খেলা শেষে স্টেডিয়ামের টানেলে ম্যাচ অফিসিয়ালদের ওপর চড়াও হন মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ। চেঁচামেচি করেন মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনোও। ম্যাচে মায়ামিকে অন্যায্য ৫ হলুদ কার্ড ও ১ লাল কার্ড দেখানোর অভিযোগ তুলেছে মায়ামি। সেই ঘটনার পর ড্রেসিংরুমে মেসি-টাটা মার্টিনোর সমালোচনা করেন মন্টেরির সহকারী কোচ নিকো সানচেজ। সেই অডিও ফাঁস করেছে ফক্স স্পোর্টস। সেখানে সানচেজ মেসির উদ্দেশ্যে বলেন, “বামনটাও সেখানে ছিল। তাকে দেখতে শয়তানের মতো লাগে। সে আমার কাছে এসে বললো, ‘তুমি নিজেকে কী মনে করো?’ আমি তার দিকে তাকাইনি। অন্য দিকে তাকিয়ে ছিলাম। কোনো উত্তরও দেইনি। খুবই অস্বস্তিকর পরিস্থিতি ছিল।”
সানচেজ বলেন, “আর টাটা মার্টিনো, কি বাজে একটা লোক। সে আমাকে বলছিল, ‘নির্বোধ, তুমি কি কাঁদছো? তুমি কি কাঁদছো?’ কি বাজে লোক! তারা শুধু মাঠের পরিবেশ নষ্ট করতে চাচ্ছিল।’
এরপর অবশ্য ক্ষমাও চেয়েছেন নিকো সানচেজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ইন্টার কোচ জেরার্ডো মার্টিনোকে চিনতাম না। আমি তাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছি, তার জন্য ক্ষমা চাইছি। তবে যাই হোক, আমি তো আমার ক্লাবের হয়েই কথা বলব। আমাকে তো আমার দলের পাশেই থাকতে হবে।’
