আজ খেলবেন মোস্তাফিজ?
আইপিএল
আইপিএল খেলতে ভারতে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। গতকাল সন্ধ্যায় দেশ ছাড়েন চেন্নাই সুপার কিংস পেসার। আজ কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়েই খেলায় ফিরতে পারেন কাটার মাস্টার।
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। ওয়ার্ল্ডকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসার কার্যক্রম সারতে আইপিএল রেখেই দেশে ফিরেছিলেন মোস্তাফিজ। ভিসার আবেদন করতে পাসপোর্ট জমা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসে। নিজের পাসপোর্ট ফিরে পেয়েই চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজ।
আজ রাত ৮টায় আইপিএলে নিজেদের ৫ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত মোস্তাফিজ এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ। ৮ উইকেট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।
৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের চতুর্থ চেন্নাই সুপার কিংস। ৪ ম্যাচে শতভাগ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।
