সমালোচকদের ধুয়ে দিলেন বাবর
নান্দদিক ক্রিকেটের জন্য বেশ প্রশংসিত বাবর আজম। তবে স্ট্রাইক রেটের কারণে সমালোচনার শিকারও হন পাকিস্তান অধিনায়ক। টি-টোয়েন্টির সঙ্গে বাবরের ব্যাটিং যায় না বলে অভিযোগ অনেকের। তবে এই ব্যাটারের ভাষ্য, খেলার পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয় তাকে। সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৯০ ম্যাচের ক্যারিয়ারে ১২৯.৩২ স্ট্রাইক রেটে ১০ হাাজার ৪৯৫ রান বাবর আজমের। টপ অর্ডারে খেলা এই ব্যাটারের ভাষ্য, ইনিংসের শুরুতে উইকেট পড়ে গেলে আগ্রাসী ব্যাটিং করা কঠিন। জালমি টিভির এক পডকাস্টে বাবর বলেন, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটিই হয়ে যায়। কীভাবে প্রথম ছয় ওভার খেললেন, পরের ওভারগুলোতে কী করলেন- এগুলো একটার পর একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। সেটা অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’
এরপরই সমালোচকদের কড়া জবাব দেন বাবর। তিনি বলেন, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তারপর বলবে ১৭০। এরপর আমি যদি ১৭০ স্ট্রাইক রেটে ব্যাট করি, বলবে ২০০-তে খেলা উচিত। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে। আমি নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করতে পছন্দ করি না।’
