ক্ষমা চাইলেন ক্লপ
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লীগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল লিভারপুলের। তবে ওল্ড ট্রাফোর্ডে ব্যর্থ হয়েছে অলরেডরা। হারের শঙ্কায় পড়ে কোনোরকম ভাগ বসিয়েছে পয়েন্টে। ম্যানইউর মাঠে জয়বঞ্চিত হয়ে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার লড়াইয়ে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তিন দলের পয়েন্টের পার্থক্য নেই বললেই চলে। ৭১ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে ও তিনে আর্সেনাল ও লিভারপুল। তিনে থাকা ম্যান সিটির পয়েন্ট ৭০। তিন দলই মৌসুমের ৩১টি ম্যাচ খেলে ফেলেছে। অর্থাৎ, মৌসুমের বাকি ৭ ম্যাচে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে হবে তিন দলকে। সেই মিশনে ম্যানইউর মাঠে হোঁচট খেলো লিভারপুল। ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে দুই ম্যাচের একটিতে এক পয়েন্ট পেলাম, অন্য ম্যাচ হেরে এফএ কাপ থেকে ছিটকে গেলাম।’ গত ১৭ মার্চ ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউর কাছে ৪-৩ গোলে হারে লিভারপুল।
ক্লপ বলেন, ‘আমি দুঃখিত। তবে এটাই বাস্তবতা। (ওল্ড ট্রাফোর্ডে) আমাদের দুটি ম্যাচই জেতা উচিত ছিল এবং আমরা পারিনি। এই দায় আমাদেরই।’
রোববার জয়বঞ্চিত হলেও ম্যানইউকে শাসন করে লিভারপুল। ম্যাচজুড়ে ৬২ শতাংশ বল দখলে রেখে ২৮টি শটের ৭টি লক্ষ্যে রাখে অলরেডরা। বিপরীতে ৩৮ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৫টি লক্ষ্যে রাখে ম্যানইউ। লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘আমার সময়ে (ম্যানইউর বিপক্ষে) সেরা খেলাটা দেখালাম।’
আগামী ১১ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর আতিথ্য নেবে আর্সেনাল। সেই ম্যাচ জিতে শিরোপার দৌড়ে আরো কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে গানারদের। ম্যাচটি নিয়ে লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘আর্সেনাল খুব ভালো দল। যদি ইউনাইটেড আজকের মতো খেলে নিশ্চিতভাবে আর্সেনাল জয় পাবে সেই ম্যাচে, আমি শতভাগ নিশ্চিত।’
