ম্যানইউ-লিভারপুল ম্যাচ ড্র, শীর্ষে আর্সেনালই
ইংলিশ প্রিমিয়ার লীগ
ইংলিশ প্রিমিয়ার লীগে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। শিরোপার লড়াইয়ে শীর্ষস্থান নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে। দিন দুয়েক আগেই লিভারপুলকে দুইয়ে নামিয়ে চূড়ায় ওঠে আর্সেনাল। তবে শীর্ষস্থান পুনরুদ্ধারে ব্যর্থ হলো অলরেডরা। ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ-লিভারপুল ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায়ূ লিভারপুল। গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। ৫০তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচে ফেরে ম্যানইউ। ৬৭তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনুর গোলে লিড নেয় স্বাগতিকরা। আর ৮৪তম মিনিটে সফল স্পটকিকে লিভারপুলকে হার থেকে বাঁচান মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭১। গোল পার্থক্যে এগিয়ে গানাররা। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। আর ৪৯ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
