মুম্বাইয়ের প্রথম জয়
আইপিএল
আইপিএলের চলতি আসরে ধুঁকছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম তিন ম্যাচেই হারে হার্দিক পান্ডিয়ারা। ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেদের প্রথম জয় তুলে নিলো মুম্বাই। আজ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে হারালো ২৯ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩৪ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০৫ রান তুলতে সমর্থ্য হয় দিল্লি ক্যাপিটালস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৮০ রান তোলে মুম্বাইয়ের রোহিত শর্মা এবং ইশান কিষান। ৬.৬ ওভারে ২৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৯ রান করে রোহিত আউট হলে ভাঙে এই জুটি। দলীয় সংগ্রহে মাত্র এক রান যোগ হতেই সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন। তিলক ভার্মার সংগ্রহ ৬ রান। শেষে ঝড় তোলেন টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। ডেভিড ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫* রান করেন। শেফার্ড ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।
মুম্বাইয়ের ইনিংসে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং এনরিখ নর্কিয়া।
২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২২ রানেই প্রথম উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। দিল্লির ইনিংসে সর্বোচ্চ ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ২৫ বলের ঝড়ো ইনিংসটি ৩ চার ও ৭ ছক্কায় সাজান তিনি। এছাড়া অভিষেক পোরেল ৪১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে একটি।
দিল্লির ইনিংসে ৪ ওভারে ৩৪ রানের খরচায় ৪ উইকেট নেন মুম্বাইয়ের পেসার জেরাল্ড কোটসিয়াহ। দুটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ। একটি উইকেট নেন রোমারিও শেফার্ড।
এই জয়ে আইপিএল টেবিলের দশ নম্বর থেকে আটে উঠে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স। পেছনে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসকে। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট মুম্বাইয়ের। ৫ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে যথাক্রমে ৯ম এবং ১০ম বেঙ্গালুরু এবং দিল্লি। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্ট ৮। নিজেদের চার ম্যাচের সবকটি জিতেছে রাজস্থান। মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস রয়েছে টেবিলের তিনে। ৩ ম্যাচে শতভাগ জয় সিএসকের।
