মোস্তাফিজের ‘পার্পল ক্যাপ’ উদ্ধার হবে তো?
আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয় বিশেষ একটি ক্যাপ। শীর্ষস্থান পরিবর্তন সাপেক্ষে সেই ‘পার্পল ক্যাপ’-এর মালিকানাও পাল্টায়। যেমন মালিকানা হারিয়েছেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারের বেগুনি রংয়ের টুপি এখন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালের মাথায়। চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি বোলার মোস্তাফিজ কি পারবেন ক্যাপ পুনরুদ্ধার করতে?
চেন্নাই সুপার কিংসের প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বাগিয়ে নিয়েছিলেন পার্পল ক্যাপ। তবে ভিসাজনিত কাজে দেশে ফেরায় সিএসকের চতুর্থ ম্যাচটি খেলতে পারেননি কাটার মাস্টার। এই সুযোগে শীর্ষস্থান দখল করলেন যুজবেন্দ্র চাহাল। ৪ ম্যাচে ৮ উইকেট চূড়ায় রাজস্থান রয়্যালসের এই ভারতীয় স্পিনার। সমান ৭ উইকেট নিয়ে যথাক্রমে দুইয়ে চেন্নাইয়ের মোস্তাফিজ ও গুজরাটের মোহিত শর্মা। ইকোনমির হিসাবে এগিয়ে থাকায় তালিকার দুইয়ে মোস্তাফিজ। শীর্ষস্থানীয় চাহালের চেয়ে মাত্র এক উইকেটের ব্যবধানে পিছিয়ে থাকায় পার্পল ক্যাপ পেতে মাত্র দুটি উইকেট প্রয়োজন মোস্তাফিজের।
গত ৩ এপ্রিল ভারত থেকে দেশে ফেরেন মোস্তাফিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে দেশে আসেন তিনি। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সবশেষ ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। আগামীকাল নিজেদের ৫ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। দলে যোগ দেয়া সাপেক্ষে সেই ম্যাচ দিয়েই পার্পল ক্যাপ পুনরুদ্ধারের মিশন শুরু করতে পারবেন মোস্তাফিজ।
পার্পল ক্যাপ অর্জন করে সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ লিখেছিলেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধওে রাখবো। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।’
