মোহাম্মদ আমিরকে ক্ষমা করবেন না রমিজ রাজা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে এসেছে অনেক রদবদল। গঠিত হয়েছে পিসিবির নতুন কমিটি। নেতৃত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে। অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির। ইমাদের প্রত্যাবর্তনের পক্ষে থাকলেও আমিরকে স্বাগত জানাতে নারাজ পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
২০২০ সালে পিসিবির তৎকালীন টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে আচমকা অবসরে যান বাবর আজম। আর গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ ওয়াসিম। চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে ইমাদের জাতীয় দলে ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত। গত মাসে পিএসএলে দুর্দান্ত ফর্ম দেখান তিনি। এদিকে ফিটনেস টেস্টে পাশ করলে সুযোগ পেতে পারেন আমিরও। দুই খেলোয়াড়ের অবসর ভাঙার প্রসঙ্গে পাকিস্তানের ‘সুনো নিউজ’-এ দেয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘ইমাদের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। সে পিএসএলে খুবই ভালো করেছে। সে বুদ্ধিমান ও প্রতিভাবান। আমিরের ব্যাপারে আমার মতামত একদম পরিষ্কার। ওর জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু ক্ষমা নেই। আল্লাহ না করুক, আমার ছেলেও যদি এ ধরনের কাজে জড়ায়, তাকে আমি মেনে নেব না।’
মূলত মোহাম্মদ আমিরের ফিক্সিংকাণ্ড নিয়েই অসন্তোষ রমিজ রাজার। ম্যাচ গড়াপেটায় জড়িত আরো দুই পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের প্রসঙ্গ টেনে রমিজ রাজা বলেন, ‘আমার মনে পড়ে এই খেলোয়াড়েরা (সালমান বাট ও মোহাম্মদ আসিফ) যখন ফিক্সিং করে, আামি তখন লর্ডসে ধারাভাষ্য দিচ্ছি। তাদের কারণে মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করল। পরের এক বছর গণমাধ্যমেও আমরা যে পরিমাণ সমালোচিত হয়েছি, আমি সেটা কখনোই ভুলব না।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব হারান বাবর আজম। এতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফের বাবরকে অধিনায়ক করা হয়েছে। এতে মাত্র এক সিরিজে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করে দায়িত্ব হারালেন শাহিন। বিষয়টি নিয়ে রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপ থেকে আসার পরই বাবরকে যেভাবে সরানো হয়েছিল, সেটা ঠিক ছিল না। কারণ যে আপনাকে এতদিন সেবা দিয়েছে পরিশ্রম করে এসেছে, তাকে এভাবে রাজনীতির মাধ্যমে সরিয়ে দেয়া ঠিক হয়নি। আবার শাহিনের ক্ষেত্রে আপনি পর্যাপ্ত সময় দিলেন না। এক সিরিজের ভিত্তিকে মূল্যায়ন করা বাড়াবাড়ি হয়ে যায়। তার মানে, আপনার পরিকল্পনা সঠিক ছিল না। অধিনায়কত্ব অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার।’
