আর্সেনালকে তিনে নামিয়ে দুইয়ে ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লীগ
ইংলিশ প্রিমিয়ার লীগে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। শিরোপার লড়াইয়ে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। আজ বিকালে ক্রিস্টাল প্যালেসের মাঠে সিটির ৪-২ গোলের জয়ে প্রতিযোগিতা আরো জমে উঠলো। আর্সেনালকে তিনে নামিয়ে সিটি পৌঁছে গেলো লীগ টেবিলের দুইয়ে।
সেলহার্স্ট পার্কে ম্যাচের ৩য় মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড জিন-ফিলিপ মাতেতা। ১৩ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার গোলে সমতা টানে ম্যান সিটি। ৪৭তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার রিকো লুইসের গোলে লিড নেয় সিটিজেনরা। ৬৬তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন আর্লিং ব্রট হালান্দ। ৭০ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ডি ব্রুইনা। আর ৮৬তম মিনিটে একটি গোল শোধ করে ক্রিস্টাল প্যালেস।
৩১ ম্যাচে ২১ জয় ও ৭ ড্র্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্টও ৭০। গোল পার্থক্যে এগিয়ে অলরেডরা। তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮। আজ রাত সাড়ে দশটায় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মুখোমুখি হবে গানাররা। সেই ম্যাচ জিতে লীগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে মিকেল আর্তেতার দলের।
