এমবাপ্পের কারণে বিপদে ছোটভাই ইথান
কিলিয়ান এমবাপ্পেকে পিএসজির মূল খেলোয়াড় বললেও ভুল হবে না। ফরাসি ফরোয়ার্ডের ছোটভাই ইথান এমবাপ্পেও পিএসজির ফুটবলার। তবে এমবাপ্পে প্যারিস ছাড়তে চাওয়ায় বিপাকে পড়েছেন ইথান।
আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, কন্ট্রাক্টের মেয়াদ শেষে ফরাসি ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে। ফরাসি সাংবাদিক ফ্যাবরিক হকিনস জানিয়েছেন, এমবাপ্পে প্যারিস ছাড়তে চাওয়ায় তার ছোটভাই ইথান এমবাপ্পেকেও বিদায় করতে চায় পিএসজি। গত ডিসেম্বরে পিএসজির সিনিয়র দলের জার্সিতে অভিষেক হওয়া এই মিডফিল্ডারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে পিএসজির।
যদিও ইথানের ভবিষ্যৎ পরিকল্পনা করেই রেখেছেন বড়ভাই কিলিয়ান। স্প্যানিশ দৈনিক মার্কার খবর, ছোটভাইকেও রিয়াল মাদ্রিদে নিয়ে যেতে চান এমবাপ্পে। এমন শর্তও নাকি তিনি মাদ্রিদিস্তাদের দিয়ে রেখেছেন। আরেক স্প্যানিশ গণমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’ জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে তার ছোটভাই ইথানেরও রিয়ালে যাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। স্প্যানিশ জার্নালিস্ট এদুয়ার্দো ইন্ডা জানান, কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে চিন্তাভাবনার পর রিয়ালও ইথানকে ভেড়ানোর বিষয়ে রাজি হয়েছে।
পিএসজির রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় ইথান এমবাপ্পে। ক্লাবটির জার্সিতে যুব প্রতিযোগিতায় খেলেছেন তিনি। এরপর সুযোগ পান মূল দলের অনুশীলনে। গত ডিসেম্বওে তার অভিষেক হয় পিএসজির সিনিয়র দলের হয়ে। ২০ ডিসেম্বও ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে সেদিন পিএসজি ৩-১ গোলে জয় পেয়েছিল।
