প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চেঁচালেন মেসি
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ ম্যাচেও দর্শকের ভূমিকায় ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে গ্যালারিতে বসে হেরনদের সমর্থন দিয়েই ক্ষান্ত হননি মায়ামি অধিনায়ক। ম্যাচের পর প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চেঁচামেচিও করেন এলএমটেন!
গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে সিএফ মন্টেরির কাছে ২-১ গোলে হারে ইন্টার মায়ামি। ইএসপিএন জানিয়েছে, কনকাকাফে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন। মেসি কেন এমন করেছেন, তা জানা যায়নি।
আগামীকাল এমএলসের ম্যাচে কলোরাডো র্যাপিডসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচের আগে মেসি ইস্যুতে স্পষ্ট বক্তব্য দেননি ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস। কৌশলী উত্তরে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’
মোরালেস বলেন, ‘আমরা দারুণ এক প্রতিপক্ষের মোকাবিলা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই, তাই ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরির মাঠে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ আগামী ১১ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরির আতিথ্য নেবে ইন্টার মায়ামি।
