সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের ২ ক্রিকেটার
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের দুই নারী ক্রিকেটার বিসমাহ মারুফ ও গোলাম ফাতিমা। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তারা।
গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় পড়েন বিসমাহ ও ফাতিমা। পিসিবি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা পিসিবির মেডিকেল টিমের অধীনে আছে। পিসিবি জানিয়েছে, বিসমাহ এবং ফাতিমার চোট গুরুতর নয়।
আগামী ১৮ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান নারী ক্রিকেট দল। ওই সিরিজে খেলার কথা রয়েছে বিসমাহ ও ফাতিমার। দ্বিপক্ষীয় সিরিজটি খেলতে আগামী ১৪ই এপ্রিল পাকিস্তানে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।
