আমি মেসিকে ভালোবাসি: মোহাম্মদ সালাহ
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত গোলের রেশ এখনো কাটেনি। আর্জেন্টাইন এই তারকার নৈপুণ্যে মুগ্ধ তার ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহও। ম্যাক অ্যালিস্টার ছাড়া পছন্দের আরেক আর্জেন্টাইন ফুটবলার রয়েছে মিশরীয় ফরোয়ার্ডের। তিনি হলেন লিওনেল মেসি।
বৃহস্পতিবার প্রিমিয়ার লীগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় লিভারপুল। অলরেডদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডি-বক্সের বাইরে থেকে করা গোলটিকে লিভারপুল সমর্থকরা ‘রকেট লঞ্চার’ নাম দিয়েছে। সেই ম্যাচের পর ইএসপিএন আর্জেন্টিনাকে সাক্ষাৎকার দেন মোহাম্মদ সালাহ। সতীর্থ ম্যাক অ্যালিস্টার ছাড়া আর্জেন্টিনার আর কোন তারকাকে পছন্দ মিশরীয় ফরোয়ার্ডের? মোহাম্মদ সালাহ বলেন, ‘ম্যাক অ্যালিস্টার ছাড়া বললে মেসি, আমি মেসিকে ভালোবাসি। মেসি হচ্ছে মেসি। আমি বাতিস্তাকেও পছন্দ করি। আর্জেন্টিনায় একবার তার সঙ্গে আমার দেখাও হয়েছিল, সে তার স্বাক্ষর করা জার্সিও আমাকে দিয়েছিল।’
পছন্দের আর্জেন্টাইন খেলোয়াড় বেছে নেয়ার পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের কিছু বিষয়ও ভাগাভাগি করেছেন সালাহ। তিনি বলেন, ‘আমি প্রায় প্রতিদিন দাবা খেলি। আমি বেশ উল্লেখযোগ্য সময় নিয়ে যোগব্যায়াম করি এবং প্রায় প্রতিদিন ধ্যান করি। আমি ছোট ছোট জিনিস বিকশিত করার চেষ্টা করি। শুধু ফুটবলে নয়, ব্যক্তি হিসেবেও। ফুটবলে নিজের সেরা দিতে আমি সবকিছু করি, কিন্তু মানুষ হিসেবেও আমার বিকশিত হওয়া দরকার।’
