বিশ্বকাপ দেখা যাবে বাংলাদেশি চ্যানেলে
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। বৈশ্বিক আসরটি দেখা যাবে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, আগামী দুই বছরে আইসিসির আরো ৫টি টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টগুলোর সম্প্রচার সত্ত্ব পেয়েছে টিএসএম (টোটাল স্পোর্টস মার্কেটিং)। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। টিএসএম খেলা সম্প্রচার করবে নাগরিক টিভির মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে বাংলালিংকে। আইসিসি জানিয়েছে ২০২৫ সাল পর্যন্ত টিএসএমের সঙ্গে চুক্তি হয়েছে।
আগামী জুনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অক্টোবরে বাংলাদেশ আয়োজন করবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ দেখাবে টিএসএম।
