এমবাপ্পেকে কিনেই ফেলেছিল বার্সেলোনা
মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। ফরাসি ফরোয়ার্ডের স্পেন যাত্রায় নিঃসন্দেহে চিন্তিত বার্সেলোনা কর্তারা। এল ক্লাসিকোতে এমবাপ্পের মোকাবিলাই যে করতে হবে ব্লাউগ্রানাদের। অথচ এই এমবাপ্পেই হতে পারতো বার্সেলোনার খেলোয়াড়। ২০১৭ সালে সেই সম্ভাবনা জোরদার হয়েছিল।
আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, কন্ট্রাক্টের মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি ফরোয়ার্ড। ২০১৭ সালে এমবাপ্পেকে ভেড়ানোর প্রতিযোগিতায় নামে রিয়াল মাদ্রিদ। মোনাকোর তরুণ কিলিয়ানকে সেবার বাগিয়ে নেয় পিএসজি। ফরাসি ফরোয়ার্ডকে ভেড়ানোর চেষ্টায় ছিল বার্সেলোনাও। খবরটি ফাঁস করেছেন ব্লাউগ্রানাদের সাবেক ক্রীড়া পরিচালক জাভিয়ের বোর্ডাস। স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিংগিতোকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, পিএসজি নেইমারকে ভেড়ানোর পরই এমবাপ্পের ওপর নজর দিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত আরেক ফরাসি ফুটবলার উসমান দেম্বেলেকে ভেড়ায় কাতালানরা। বোর্ডাস বলেন, ‘যদি আমি তখন দায়িত্বে থাকতাম, আজকে এমবাপ্পে বার্সেলোনায় খেলতো। যখন (পিএসজির কাছ থেকে) নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো পেলাম, তখন এমবাপ্পেকে ভেড়ানোর মতো সামর্থ্য ক্লাবের ছিল। কিন্তু ম্যানেজমেন্ট দেম্বেলেকে ভেড়ায়।’
