এখনই শিরোপা উদযাপন করতে চান না লেভারকুসেন কোচ
বুন্দেসলিগা
জার্মান বুন্দেসলিগায় পাঁচবারের রানার্সআপ বায়ার লেভারকুসেন। প্রথমবারের মতো শিরোপা জেতার সম্ভাবনায় রয়েছে দলটি। তবে এখনই আনন্দে আত্মহারা হতে নারাজ লেভারকুসেন কোচ জাভি আলোনসো।
২৭ ম্যাচ শেষে ২৩ জয় ও ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে বায়ার লেভারকুসেন। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে জাভি আলোনসোর দল। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট মিউনিখের। শীর্ষস্থানীয় দুই দলেরই বাকি ৭টি করে ম্যাচ। বোঝাই যাচ্ছে, নাটকীয় কিছু না হলে দুর্দান্ত লেভারকুসেনই এবার চ্যাম্পিয়ন হতে চলেছে। কাল রাতে মৌসুমে নিজেদের ২৮তম ম্যাচে ইউনিয়ন বার্লিনের আতিথ্য নেবে লেভারকুসেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাভি আলোনসো বলেন, ‘আমাদের মনোযোগ বুন্দেসলিগায়। শিরোপা জেতার আমাদের ভালো সুযোগ রয়েছে, তবে এখনও সাতটি ম্যাচ বাকি আছে।’
ইউনিয়ন বার্লিন ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে আলোনসো বলেন, ‘সেরা দল নিয়ে বার্লিনে যাব এবং আশা করছি, এমন পদক্ষেপ নিতে পারব যা আমাদের শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যাবে। আমরা এমন একটি অবস্থানে আছি যেখানে আমরা শিরোপা জিততে পারি, তবে এই লড়াই এখনো শেষ হয়নি।’
১৯৯৩ সালে সবশেষ শিরোপা জেতে লেভারকুসেন, জার্মান কাপ। এরপর ২০০০ সালে লীগ শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল তারা। কিন্তু শেষ দিনে উন্টারহাকহিংয়ের বিপক্ষে হেরে তাদের শিরোপা স্বপ্নভঙ্গ হয়। সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে আলোনসো বললেন, এখনো উদযাপনের সময় হয়নি। আলোনসো বলেন, ‘সমর্থকদের একটি বাজে স্মৃতি আছে এবং তারা ধৈর্য নিয়ে আছে। তাদের এখনও মনে আছে, উন্টারহাকহিংয়ের বিপক্ষে কী হয়েছিল।’
আলোনসো বলেন, ‘আমরা উদযাপন করতে চাই যখন উদযাপন করতে পারব। এখন উদযাপন সময় নয়। এখনও অনেক সময় বাকি, কেবল তো এপ্রিল। আমরা ভালো অবস্থানে আছি, মৌসুমে আমাদের শেষ ম্যাচ জার্মান কাপের ফাইনাল। কিন্তু আমরা বেশি কথা বলব না। আমরা শিরোপার কথা বলছি না, শুধু আমাদের পরবর্তী প্রতিপক্ষ নিয়ে কথা বলছি।’
