মোহাম্মদ আলীর হাফ প্যান্টের দাম ৬৫ কোটি টাকা
তর্কসাপেক্ষে সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই কিংবদন্তি বক্সারের ‘থ্রিলা ইন ম্যানিলা’ লড়াইটি। আরেক মার্কিন বক্সার জো ফ্রেজিয়ারের মোকাবিলায় সেই ম্যাচটিতে যে শর্টস পরেছিলেন আলী, সেটি নিউইয়র্কে নিলামে তুলেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। জার্মান দৈনিক ডয়েচে ভেলের খবর, মোহাম্মদ আলীর সেই হাফ প্যান্টটি নিলামে ৬৫ কোটি টাকায় বিক্রি হবে।
১৯৭৫ সালে ফিলিপাইনে মঞ্চস্থ হয়েছিল ‘থ্রিলা ইন ম্যানিলা’ লড়াই। এভারলাস্ট ব্র্যান্ডের শর্টস পরে সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ আলী। সে বছর ১ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচটি ১৪তম রাউন্ড পর্যন্ত গড়িয়েছিল। এরপর ফ্রেজিয়ারের কোচ এডি ফাচ রেফারিকে ম্যাচটা থামানোর অনুরোধ করলে কর্নার রিটায়ারমেন্ট (আরটিড) হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যান আলী।
সাদা এবং কালো স্ট্রিপের সেই হাফ প্যান্টে মোহাম্মদ আলীর সইও আছে। গত মাসের শেষ দিকে শর্টসটি নিলামে তোলার পর এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৮ লাখ ডলার। নিলামকারী প্রতিষ্ঠানটি মনে করছে, এই শর্টসের দাম ৪০ থেকে সর্বোচ্চ ৬০ লাখ ডলার পর্যন্ত উঠবে। সর্বোচ্চ মূূল্যের হিসাব বাংলাদেশি টাকায় ৬৫ কোটি ৯৬ লক্ষ ৩২ হাজার টাকারও বেশি। আগামী ১২ই এপ্রিল পর্যন্ত চলবে এই নিলাম।
