মেসির জার্সি চান বার্সেলোনার ‘ওয়ান্ডার কিড’
বয়স মাত্র ১৬ বছর, এরইমধ্যে বার্সেলোনার নিয়মিত সদস্য বনে গেছেন। সুযোগ হয়েছে স্পেন জাতীয় দলেও। ব্লাউগ্রানাদের ‘ওয়ান্ডার কিড’ লামিনে ইয়ামালকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার মনে করছেন। এই স্প্যানিয়ার্ডের ভূয়সী প্রশংসা শোনা গেছে লিওনেল মেসির মুখেও। আর্জেন্টাইন সুপারস্টারকে নিজের আদর্শ মানা ইয়ামাল চলতে চান মেসির পথেই। গায়ে জড়াতে চান এলএমটেনের আইকনিক ১০ নম্বর জার্সি।
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার যুব একাডেমি থেকে সিনিয়র দলে সুযোগ হয় লামিনে ইয়ামালের। ব্লাউগ্রানাদের হয়ে সব মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৬ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের জার্সিতে ৬ ম্যাচে পেয়েছেন ২ গোল। ফর্ম দেখানো ইয়ামাল সম্প্রতি স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘(সাংবাদিকের উদ্দেশ্যে) যেমনটি আপনি বলছিলেন, আনসু (ফাতি) এখন ১০ নম্বর জার্সি পরে। সে যদি শেষ পর্যন্ত ক্লাবে না ফেরে, তাহলে জার্সিটি পাওয়ার একটা সুযোগ থাকবে। যে কোনো খেলোয়াড়ের জন্যই বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরাটা স্বপ্নের। বিশ্বের কোনো ফুটবলারই এই জার্সি পরতে অমত করবে না। যাই হোক, সিদ্ধান্ত ক্লাবের ওপর।’ ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের পর ব্লাউগ্রানাদের নাম্বার টেন ওঠে আনসু ফাতির গায়ে। গত সেপ্টেম্বরে এই স্প্যানিয়ার্ডকে লোনে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নে পাঠায় বার্সেলোনা। লোন ট্রান্সফারের মেয়াদ শেষ হবে আগামী ৩০শে জুন। যদিও ফাতিকে স্থায়ীভাবে রেখে দেয়ার সুযোগও রয়েছে ব্রাইটনের।
শুধু লামিনে ইয়ামাল নয়, বার্সেলোনার দশ নম্বর জার্সিতে নজর ম্যানচেস্টার সিটি তারকা বের্নার্দো সিলভারও। ইংরেজি দৈনিক মিররের খবর, পর্তুগিজ মিডফিল্ডার বার্সেলোনায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। একইসঙ্গে মেসির আইকনিক জার্সি নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি এই খবর দেন বার্সেলোনার পর্তুগিজ উইঙ্গার জোয়াও ফেলিক্স। স্প্যানিশ আউটলেট জিজান্টেসকে দেয়া সাক্ষাৎকারে ফেলিক্স বলেন, ‘তার (সিলভা) আত্মীয়-স্বজন রয়েছে এখানে (স্পেন)। সে আমার সঙ্গে এখানকার আবহাওয়া, ট্যাক্স ইস্যু... বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। আমি তাকে বলেছি যে, সবই ঠিক আছে। তুমি এখানে আসতে পারো।’
২০১৭ সালে ফরাসি লিগ ওয়ানের দল মোনাকো ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন বের্নার্দো সিলভা। প্রিমিয়ার লীগের ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ২৯ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডারের। মিরর জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ না হওযায় বের্নার্দোকে দলে টানতে ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ দিতে হবে বার্সেলোনাকে।
