ব্যর্থতা ভুলে ভারত সিরিজে নজর টাইগ্রেসদের
অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়ার হতাশা ভুলে টাইগ্রেসদের নজর এখন ভারত সিরিজে।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ার্ল্ডকাপের প্রস্তুতি সারতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরো খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’ ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল ও ২, ৬ এবং ২৪ মে।
শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া নারী দল। অ্যালিসা হিলিদের প্রশংসা করে নাহিদা বলেন, ‘তারা অনেক অভিজ্ঞ দল। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমাদের কিছু তরুণ ক্রিকেটার ছিল। আমরা চেষ্টা করেছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করা যায়। ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে ঘাটতিগুলো হয়েছে, চেষ্টা করব সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার। আশা করব, এই শিক্ষাটা যেন পরেরবার কাজে লাগাতে পারি।’
নাহিদা বলেন, ‘সন্দেহ নেই, তারা অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে। আমাদের ব্যাটারদের মধ্যেও অনেক ভালো স্কিল আছে। আমাদের মধ্যেও সেঞ্চুরি আসছে, ফিফটি আসছে। আমরা সবসময় বিশ্বাস রাখি, আমাদের যে ব্যাটাররা আছে, তারা আরো ভালো করতে পারবে।’
