কেন যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করলেন না সাকিব-সৌম্য?
টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। ওয়ার্ল্ডকাপ খেলতে চলছে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া। আজ দুপুরে ভিসা কার্যক্রম সারতে আমেরিকান দূতাবাসে যান মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা। জানা গেছে, দূতাবাসে ফিঙ্গার প্রিন্টের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে ভিসা কার্যক্রমে অংশ নেননি সাকিব আল হাসান, সৌম্য সরকাররা।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, ২৩ ক্রিকেটারের সঙ্গে ১২ জন টিম ম্যানেজমেন্টের সদস্য ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। ভিসার আবেদন করা ক্রিকেটাররা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, জাকির হাসান, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম এবং নাসুম আহমেদ।
সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান এবং এনামুল হক বিজয়ের আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে।
আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
