মুম্বাইয়ে যোগ দিচ্ছেন সূূর্যকুমার
সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। চলতি আইপিএলে এখনো জয়হীন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। দুঃসময়ে একটি সুখবর পেলো মুম্বাই। চোট কাটিয়ে দলে যোগ দিচ্ছেন সূর্যকুমার যাদব।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, সূর্যকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি ফিট ঘোষণা করেছে। আগামীকাল মুম্বাই দলে যোগ দেবেন এই ভারতীয় ব্যাটার। হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন সূর্যকুমার। অস্ত্রোপচার করাতে হয় তাকে। অপারেশন শেষে আইসিসি টি- টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার জাতীয় একাডেমিতে পুনর্বাসনে ছিলেন। যে কারণে চলতি বছরে এখনো মাঠে নামতে পারেননি তিনি। সূূর্যকুমার সবশেষ গত ১৪ ডিসেম্বর মাঠে নেমেছিলেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্য। সেই ম্যাচ ভারত জিতেছিল ১০৬ রানে।
সূর্যকুমারের চোট নিয়ে বিসিসিআইয়ের সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘সে এখন ফিট। জাতীয় ক্রিকেট একাডেমি তাকে কিছু ম্যাচ খেলিয়েছে, তাতে সূূর্যকে ভালোই মনে হয়েছে। সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি, সে যখন মুম্বাইয়ে যোগ দেবে, তখন যেন শতভাগ ফিট থাকে।’
২০২৪ আইপিএলে টানা ৩ হারে পয়েন্ট শূন্য মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের তলানিতে রয়েছে। টানা তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স।
