ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি
মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল জাতীয় দল। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচই হারে জামাল ভূঁইয়ারা। যার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে। সবশেষ প্রকাশিত হালনাগাদে অবনমন হয়েছে লাল-সবুজদের।
গত ২২ মার্চ কুয়েতের জাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ ফুটবল দল। ২৬শে মার্চ কিংস অ্যারেনায় ফিরতি লেগে হাভিয়ের কাবরেরার দল হারে ১-০ গোলে। টানা দুই হারে ফিফা র্যাঙ্কিংয়ে ১১.৪৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪তম স্থানে। বাংলাদেশের পয়েন্ট ৯০৫.৩।
মার্চ মাসের আন্তর্জাতিক উইন্ডোর পারফরম্যান্সের ভিত্তিতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে একটি পরিবর্তন এসেছে। ইংল্যান্ডকে এক ধাপ নিচে নামিয়ে সেরা তিনে ফিরেছে বেলজিয়াম। উন্নতি হয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। নেদারল্যান্ডসকে এক ধাপ নিচে নামিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
শীর্ষ দুইয়ে নেই কোনো পরিবর্তন। ১৮৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই গত মাসে এল সালভাদরকে ৩-০ গোলে হারানোর পর কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়স্থানে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের পয়েন্ট এখন ১৮৪০.৫৯। প্রায় ১৮ পয়েন্টে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগের মতো পাঁচ নম্বরেই আছে। মার্চ মাসে ইংল্যান্ডকে হারানোর পর সেলেসাওরা স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। ব্রাজিলের পয়েন্ট ১৭৮৮.৬৫। স্প্যানিশরা রয়েছে অষ্টম স্থানেই। র্যাঙ্কিংয়ের নয়ে ইতালি। দশ নম্বরে ক্রোয়েশিয়া।
