ফোডেনের রেকর্ডগড়া হ্যাটট্রিক
দুর্দান্ত ফর্মে রয়েছেন ফিল ফোডেন। ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির ৪৪ ম্যাচে ২২ গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার। অ্যাসিস্ট করেছেন ১০টি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষেও ফর্ম দেখান ফোডেন। করেন রেকর্ডগড়া হ্যাটট্রিক। ফোডেনের নৈপুণ্যে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে লীগ শিরোপার দৌড়ে টিকে রইলো সিটিজেনরা।
ঘরের মাঠে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ২০তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরানের গোলে সমতা টানে অ্যাস্টন ভিলা। ৪৫+১ মিনিটে ফিল ফোডেনের গোলে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধে ৬২ ও ৬৯ মিনিটে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ মিডফিল্ডার। এতেই রেকর্ড হয় ফোডেনের। ২৩ বছর বয়সে প্রিমিয়ার লীগে তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। ২৪ বছরে পদার্পণের আগে ফোডেনের চেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে শুধু চার জনের। তারা হলেন- লিভারপুলের সাবেক দুই ফুটবলার রবি ফাওলার (৭) ও মাইকেল ওয়েন (৭), টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড হ্যারি কেইন (৬) এবং ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ (৫)।
ম্যাচ শেষে ম্যান সিটির হ্যাটট্রিক হিরো ফিল ফোডেনের প্রশংসা করেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘ফিলের শিরায় গোল করার প্রবণতা রয়েছে। আর তাকে এর ব্যবহার করতেই হবে। সে ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি, কিন্তু এরপর উন্নতি করেছে। সে যখন তিন গোল করবে, তাকে নিয়ে আমি কী বলতে পারি? এাঠে ফিল যা খুশি করতে পারে। সে সত্যিই উঁচুমানের একজন খেলোয়াড়।’
৩০ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। গোল পার্থক্যে এগিয়ে অলরেডরা। আর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮।
