বিশ্বকাপের প্রস্তুতি সারতে বাংলাদেশে আসছে ভারত
আগামী সেপ্টেম্বরে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয়রা।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম তিনটি ম্যাচ হবে দিবারাত্রির। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। আর বাকি দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়।
২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল ও ২, ৬ এবং ২৪ মে।
গত দুই বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত নারী দল, আর সব মিলিয়ে তৃতীয় সফর। সবশেষ ২০২৩ সালের সফরে এসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারতের মেয়েরা।
