চার থেকে সাতে নেমে গেলো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় অবনমন হয়েছে টাইগারদের। উন্নতি হয়েছে লঙ্কানদের।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পরাস্ত হয় ১৯২ রানে। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় চার থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ। আর ৪ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। টপকে গেছে পাকিস্তানকে। ৪ ম্যাচ খেলে ১ জয় ও ৩ হারে ২৫.০০ পয়েন্ট নিয়ে সপ্তম বাংলাদেশ। সমান পয়েন্টে যৌথভাবে সপ্তম দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ২টি করে জয়-পরাজয়ে ৫০.০০ পয়েন্ট চারে থাকা শ্রীলঙ্কার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত। ৯ টেস্টে ৬ জয় ও ১ ড্রয়ে ৬৮.৫১ পয়েন্ট ভারতীয়দের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০। ১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্র অজিদের। পাঁচে নেমে যাওয়া পাকিস্তানের পয়েন্ট ৩৬.৬৬।
